মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়াসহ সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোলাহলমুক্ত ও প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমানবন্দরটিতে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মীর শাহে আলম বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে মেট্রোরেলের আদলে ট্রেন গাবতলী পর্যন্ত চলাচল করবে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শহর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রয়োজনীয় ভাঙচুর ছাড়াই কীভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এ সময় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “মিডিয়া পাচ্ছে অবাধ স্বাধীনতা”। বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি পূর্ব থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। বর্তমানে ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন।
মন্তব্য করুন