আব্দুর রাজ্জাক সরকার,গাইবান্ধা : গাইবান্ধা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখা। এরই অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২০২৬ সালের সোমবার ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখার তথ্য ও সহযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।
মোবাইল কোর্ট নং ০৫/২৬ অনুযায়ী মোঃ মিন্টু মিয়া (৪৬), পিতা মৃত আশরাফ মুন্সি, গ্রাম কুড়িপাইকা, নুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মোবাইল কোর্ট নং ০৭/২৬ অনুযায়ী মোঃ সবুজ ইসলাম (২৯), পিতা মোঃ নজরুল ইসলাম, গ্রাম চক গোবিন্দ, গোবিন্দগঞ্জ উপজেলাকে একই অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মোবাইল কোর্ট নং ০৬/২৬ অনুযায়ী মোঃ রাকিব হোসেন (৪৫), পিতা মৃত আব্দুল হক, গোবিন্দগঞ্জ উপজেলাকে অবৈধ মাদকদ্রব্য পেন্টাজোসিন ট্যাবলেট সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২৪৫ ও ২৫৮ ধারায় কারাদণ্ড কার্যকরের জন্য পরোয়ানা জারি করে তাদের জেলা কারাগার, গাইবান্ধায় প্রেরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন