নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী আল আমিনের বিরুদ্ধে নিজেকে সহকারী শিক্ষক পরিচয় দেওয়া, সাংবাদিকের সঙ্গে অসদাচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য বিদ্যালয়ে গেলে অভিযুক্ত আল আমিন নিজেকে সহকারী শিক্ষক পরিচয় দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনাস্থলে দেখা যায়, আল আমিন সহকারী শিক্ষকের চেয়ারে বসে নিজেকে বিদ্যালয়ের কর্তা হিসেবে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, আল আমিন পূর্বেও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে হুমকি-ধামকি ও গালিগালাজ করেছেন। এছাড়া বিদ্যালয়ে প্রাপ্ত বিভিন্ন সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাজনূরী আক্তার বলেন, “আল আমিন আমাদের স্টাফ। আল আমিনের কথা মানে আমার কথা।” তবে তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শম্ভুচরণ দাস বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় আল আমিনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন