আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার উল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আব্দুল খালেক (২৩)। তিনি ফুলছড়ি উপজেলার বাউশ গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উল্লা বাজার সংলগ্ন বিপুলের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আব্দুল খালেককে আটক করে।
পরে তার দেহ তল্লাশি এবং হেফাজতে থাকা একটি কালো রঙের ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন