শেখ মোঃ আব্দুল হামিদঃ বৃহস্পতিবার দুপুর বেলায় মৌলভীবাজার সদর উপজেলার কোড পয়েন্ট এলাকায় বকুল নামে এক মোবাইল চোরকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সতর্ক অবস্থানে ছিল। এদিন দুপুরে কোড পয়েন্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন উপস্থিত জনতা।
ঘটনার একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি, এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। তবে সচেতন মহল আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন