নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে এক ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত টাকা নিয়ে কম টাকার খাজনা রশিদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বাবলু সরকার জানান, তিনি তার বাড়ির ভিটার খাজনা পরিশোধ করতে গেলে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা শরিফুল ইসলাম সেলিম প্রথমে তার কাছে ৫৫ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে আবার অফিসে গেলে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়।
বাবলু সরকার বলেন, “আমি বহু কষ্টে টাকা সংগ্রহ করে তাকে প্রদান করি। কিন্তু টাকা দেওয়ার পর আমাকে যে খাজনার রশিদ দেওয়া হয়, সেখানে প্রায় ২১ হাজার ৯০০ টাকা উল্লেখ করা হয়েছে।”
এছাড়াও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিসে দেরিতে আসা, খারিজ বাবদ অতিরিক্ত টাকা গ্রহণ, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি টাকা কম নিয়েছি, তার উপকার করেছি। যে টাকা নিয়েছি, সেই টাকারই রশিদ দেওয়া হয়েছে।”
অন্যদিকে, এ বিষয়ে সাদুল্লাপুরের সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে অফিসে এসে সরাসরি দেখা করার পরামর্শ দেন।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মন্তব্য করুন