নিজস্ব প্রতিবেদক : বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বিএনপি নেতা মীর শাহে আলম। বিপুল ভোটে জয়ের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন। এর মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বগুড়াবাসী কোনো মন্ত্রিত্বের স্বাদ পেল। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচনে পরাজয়ের রেকর্ড নেই এই জনপ্রিয় নেতার।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে তিনি প্রায় ৫১ হাজার ভোট বেশি পান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর তিনি তাঁর দাপ্তরিক কাজ শুরু করেছেন। ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে ইউপি চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করা এই নেতা এর আগে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি শাহে আলম জানান, দীর্ঘ ১৯ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়াকে নতুন রূপে সাজানোই তার মূল লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে তিনি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। উল্লেখ্য, ১৯৯১ সালের পর এই প্রথম বগুড়া থেকে কেউ মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন, যা নিয়ে জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
মন্তব্য করুন