সাব্বির অর্নব প্রতিবেদক, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আজ ২৩ মে ২০২৬ খ্রি. শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সাধারণ মানুষের ঈদ আনন্দকে আরও উৎসবমুখর করতে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতি সুবিধাভোগী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি ও উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।
৫ নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের প্রতিটি অসহায় ও দুস্থ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে বদ্ধপরিকর। পবিত্র ঈদুল আজহায় কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেজন্যই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় প্রকৃত সুফলভোগীদের হাতে এই চাল তুলে দেওয়া নিশ্চিত করা হয়েছে।”
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোলাইমান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের ইউনিয়নে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সঠিক তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলো অনেক স্বস্তির সাথে ঈদ উদযাপন করতে পারবে।”
চাল নিতে আসা এলাকার দরিদ্র ও অসহায় মানুষজন কোনো ভোগান্তি ছাড়াই সঠিক পরিমাণে চাল পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন