নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার কাজ করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ফরজ।
তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৮১ সালে হযরত হাফেজ্জী হুজুর (রহ.) বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে উলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর মুফতি মোশাররফ হোসেন রায়পুরীর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা জালালুদ্দিন সরকার, মো. আব্দুল্লাহ টিটু, মো. মিজানুর রহমান মৃধা, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আবুহানিফ, মো. মাহবুবুর রহমান (সাকিল) ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ইসলামী শাসন প্রতিষ্ঠার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট নির্বাচনে বটগাছ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। তিনি খেলাফত প্রতিষ্ঠার কাজকে “আহাম্মুল ফারায়েজ” বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করতেন।
তিনি আরও বলেন, উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে বহু আগেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতো। কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের হাফেজ্জী হুজুরের আদর্শ ধারণ করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন তওবার রাজনীতির প্রবর্তক, একজন আল্লাহওয়ালা বুযুর্গ ও যুগের মুজাদ্দিদ। তিনি মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর আলো প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন।
তিনি বলেন, “হাফেজ্জী হুজুর রাজনৈতিক অঙ্গনে না এলে ইসলামবিদ্বেষীরা রাজনীতির মাঠ দখল করে নিতো। তাই খেলাফত আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”
যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন খাঁটি আল্লাহর ওলী। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন হকপন্থী আদর্শের বাহক। তিনি নেতাকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাফত আন্দোলন মুরব্বিদের পরামর্শ, মজলিসে শূরা ও কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন, “দেশের বরেণ্য উলামায়ে কেরাম এ আন্দোলনকে সমর্থন করেন।
নিষ্ঠা ও এখলাসের সঙ্গে কাজ করলে আল্লাহ তাআলা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করবেন।”
মন্তব্য করুন