উজ্জ্বল হাসান আকন্দ: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম সেলিম এর বিরুদ্ধে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যক্তি।
অভিযোগপত্রে জানা যায়, ভাতগ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া জানান, তার বাড়ির খাজনা পরিশোধের জন্য স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তার কাছে গেলে প্রথমে তার কাছে ৫৫ হাজার টাকা দাবি করা হয়। পরে স্থানীয় এক সাংবাদিককে সঙ্গে নিয়ে পুনরায় গেলে ওই কর্মকর্তা হিসাব কমিয়ে ৪৫ হাজার টাকা দাবি করেন।
ভুক্তভোগীর দাবি, তিনি কষ্ট করে ৩০ হাজার টাকা পরিশোধ করলে তাকে একটি রসিদ দেওয়া হয়। কিন্তু সেই রসিদে প্রকৃত পরিশোধিত টাকার চেয়ে কম অর্থ উল্লেখ করা হয়েছে। পরে অবশিষ্ট টাকার জন্য তাকে আবার অফিসে যোগাযোগ করতে বলা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাবুল মিয়া বলেন, “অতিরিক্ত টাকা আদায় করে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন