আব্দুর রাজ্জাক,জয়পুরহাট:জয়পুরহাট-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী রাসেদু ইসলাম সবুজ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম: এস এম রাশেদুল আলম) দাখিলকৃত হলফনামায় নিজের ও নির্ভরশীলদের আয়ের উৎস, সম্পদ এবং মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, প্রার্থীর বার্ষিক আয় আসে কৃষি ও ব্যবসা খাত থেকে। এর মধ্যে কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছে ১৪ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় ৩ লাখ ৮২ হাজার ৬৬২ টাকা। নির্ভরশীলদের নামে উল্লেখযোগ্য কোনো বার্ষিক আয় দেখানো হয়নি।
সম্পদ বিবরণীতে দেখা যায়, প্রার্থী ২ বিঘা কৃষিজমি এবং ৮ দশমিক ৫০ শতক জমির মালিক। এসব জমির অর্জনকালীন মোট মূল্য দেখানো হয়েছে ২১ লাখ ২৫ হাজার টাকা। হলফনামার ১ থেকে ৭ নম্বর খাত পর্যন্ত সম্পদের মোট অর্জনকালীন মূল্য ধরা হয়েছে ৩১ লাখ ২৫ হাজার টাকা, আর বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ৪০ লাখ টাকা।
আয়কর সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়, তিনি ২০২৫ করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্নে প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬২ লাখ ৪৯ হাজার ১৪০ টাকা। একই বছরে পরিশোধিত আয়কর হিসেবে উল্লেখ রয়েছে ৩ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, প্রার্থীর নামে শাহজালাল ইসলামী ব্যাংক, জয়পুরহাট শাখায় বিভিন্ন হিসাবে মোট ৩৬ লাখ ৪১ হাজার ৩৯৬ টাকা জমা রয়েছে। এছাড়া তাঁর স্ত্রীর নামে ইসলামি ব্যাংক, পীরগঞ্জ শাখায় ২২ লাখ টাকা আমানত রয়েছে।
পারিবারিক তথ্যে উল্লেখ করা হয়, প্রার্থীর স্ত্রী শামিমা আক্তার একজন গৃহিণী। তাঁদের দুই সন্তান কন্যা সাজিদা আনজুম উষ্ণ (ছাত্রী) এবং পুত্র মুজতাহিদুল আলম।
মামলা সংক্রান্ত তথ্যে দেখা যায়, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ৬টি মামলা দায়ের হয়েছিল। এসব মামলার প্রতিটিতেই তিনি খালাসপ্রাপ্ত হয়েছেন। এছাড়া একটি মামলা বর্তমানে হাইকোর্টে স্থগিত রয়েছে।
প্রার্থী এস এম রাশেদুল আলমের জন্ম ১৫ অক্টোবর ১৯৭৫। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি এম.এ (পাশ) উল্লেখ করেছেন। তাঁর ঠিকানা আক্কেলপুর পৌরসভার পালপাড়া, হাস্তাবসন্তপুর এলাকা।
মন্তব্য করুন