শেখ মোঃ আব্দুল হামিদ : মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আকবরপুর এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে সরকার ক্ষমতায় থাকলেও ওই এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২নং গিয়াসনগর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত ইউনিয়ন হলেও আকবরপুর ৯নং ওয়ার্ড এখনো উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলেও রহস্যজনকভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে আকবরপুর এলাকা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন, “অন্যান্য ওয়ার্ডে উন্নয়ন কাজ হলে আমাদের ওয়ার্ড কেন বঞ্চিত থাকবে?”
বিশেষ করে প্রধান সড়কসহ বিভিন্ন সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের দাবি, বর্তমান ওয়ার্ড মেম্বার প্রায় ১৫ বছর ধরে বিপুল ভোটে নির্বাচিত হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী উল্লেখযোগ্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে পারেননি।
এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ডের উন্নয়নের জন্য বরাদ্দকৃত কিছু কাজ অনেক সময় বাগান সাইট বা কোম্পানির আওতাধীন এলাকায় ব্যবহার করা হয়েছে। অথচ সরকারি রাস্তা ও সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু রাস্তাঘাটের এমন করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করছেন তারা। এলাকাবাসীর আশঙ্কা, ঈদের সময় মানুষের চলাচল বাড়লে দুর্ভোগ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে। আকবরপুর ওয়ার্ডের দুইজন স্থানীয় বাসিন্দা ভিডিও বক্তব্যে দ্রুত রাস্তাঘাট সংস্কার এবং এলাকায় সুষ্ঠু উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় জনগণ আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মৌলভীবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। দীর্ঘদিনের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত রাস্তাঘাট সংস্কারসহ আকবরপুর ৯নং ওয়ার্ডে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
মন্তব্য করুন