নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিরামচর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করলেও সংস্কারের অভাবে এটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যায়। অনেক সময় সেই পানি টানা ৪ থেকে ৫ দিন পর্যন্ত স্থায়ী থাকে। ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে জরুরি মুহূর্তে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে তাকে কাঁধে করে মূল সড়ক পর্যন্ত নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টকর ও উদ্বেগজনক।
এলাকাবাসী জানান, ২০১৯ সালে সাবেক জেলা পরিষদ সদস্য আলেয়া বেগমের মাধ্যমে রাস্তার উন্নয়নের জন্য একটি বরাদ্দ আসে। পরবর্তীতে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুল রহমানের উদ্যোগে রাস্তার কিছু অংশে উন্নয়নকাজ করা হয়। তবে রাস্তার দুই প্রান্তে ঢালাই করা হলেও মাঝখানের একটি বড় অংশ এখনো কাঁচা অবস্থায় রয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা পৌরসভার মধ্যে বসবাস করেও পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। মনে হয় আমরা যেন পৌরসভার বাইরের কোনো এলাকার বাসিন্দা। বছরের পর বছর ধরে এই সমস্যার সমাধানের আশ্বাস শুনে আসছি, কিন্তু বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছি না।”
তারা আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও বয়স্ক ব্যক্তিরা প্রতিদিন নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি দ্রুত সংস্কার ও সম্পূর্ণভাবে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকার হাজারো মানুষের দুর্ভোগের অবসান ঘটে এবং নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়।
স্থানীয়দের একটাই দাবি— “দ্রুত রাস্তা সংস্কার করুন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান করুন এবং জনদুর্ভোগ লাঘব করুন।”
মন্তব্য করুন