আব্দুর রাজ্জাক সরকারঃ গাইবান্ধা শহরের তিনগাছের তল এলাকায় তার নিজ বাসায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে আর রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার জুয়েলের বিরুদ্ধে। পাম্পের নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় মজুদ করে তিনি মোটরসাইকেল আরোহীদের কাছে চড়া দামে বা অনৈতিকভাবে ডিজেল ও অকটেন বিক্রি করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আর রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার জুয়েল দীর্ঘদিন ধরে তিন গাছের তলের তার বাসায় গোপনে জ্বালানি তেল মজুদ করে আসছেন। দিনের বিভিন্ন সময় ও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন মোটরসাইকেল আরোহীর আনাগোনা লক্ষ্য করা যায়। পাম্পে না গিয়ে সরাসরি বাসা থেকে তেল সংগ্রহের এই অবৈধ কর্মকাণ্ডে একদিকে যেমন অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সরকারি রাজস্ব ও নিরাপত্তা বিধিমালা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুদ রাখায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অবৈধ এই তেলের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয়রা বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আবাসিক এলাকায় এভাবে তেল মজুদ রাখা বিস্ফোরক আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এটি আপনার ও আপনার প্রতিবেশীর জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
মন্তব্য করুন