ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাওর মানবিক সহায়তার আওতায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ছাতকের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের এ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ৫৮ জন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে হাওর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে জনপ্রতি ১৫ কেজি জিআর চাল ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুস সবুর, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগণ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সুজেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন