নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করেই উপকারভোগীদের নামের পাশে ভুয়া টিপসই দিয়ে ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আব্দুর রশিদ (৫৩) নামের এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ উপজেলার আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি সোনারায় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধিত ডিলার।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। নিয়ম অনুযায়ী, বরাদ্দ করা পুরো চাল ডিলার পয়েন্টে পৌঁছানোর পর একযোগে বিতরণ শুরু করতে হয়।
তবে আব্দুর রশিদের নামে বরাদ্দ করা ৭০৭ বস্তা চালের মধ্যে প্রথমে ৪০০ বস্তা পৌঁছায়। অভিযোগ রয়েছে, ওই চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে তিনি দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পাশাপাশি উপকারভোগীদের চাল না দিয়েই মাস্টাররোলে তাঁদের অগ্রিম ভুয়া টিপসই নিয়ে রাখেন।
খবর পেয়ে সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ সাবেকপাড়া বাজারের ডিলার পয়েন্টে অভিযান চালায়।