আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছোট-বড় নানা চুরির ঘটনা বেড়েছে। গরু, ছাগল, হাঁস-মুরগি, মাছের ঘের, টিউবওয়েলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির শিকার হচ্ছেন মানুষ। একই সঙ্গে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব অভিযোগ উঠে এসেছে। ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা, বিধান, ওলিয়ার, আশরাফুল আলম, রাজিয়া, লিটন, গ্রাম পুলিশ ফারুক মোল্লা ও মো. নুরুল ইসলামসহ অনেকে জানান, তাদের এলাকায় মাদক ও চুরির ঘটনা আগের তুলনায় বেড়েছে।
তারা বলেন, অপরাধীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি বা অন্য কোনো অপরাধের শিকার হয়ে থানায় গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। এ কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ করতেও আগ্রহ হারাচ্ছেন বলে তারা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্তি ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কারণে চুরি ও অন্যান্য অপরাধ বাড়ছে